
এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ফাইল ছবি
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের ভবিষ্যৎ আর ‘বুর্জোয়াদের’ হাতে তুলে দেওয়া হবে না। তিনি বলেন, “এখানে যারা বসে আছেন, তারা খেটে খাওয়া বাবার সন্তান। কেউ এমপি-মন্ত্রী বা সচিবের ছেলে নয়। আপনারাই প্রকৃত ‘ব্লাডি সিটিজেন’- যারা দেশের জন্য, দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামে। আপনাদের রক্তের ওপরই বাংলাদেশ দাঁড়িয়ে আছে।”
রোববার সকালে কুমিল্লার দেবিদ্বার পৌর মিলনায়তনে ‘নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষার উন্নয়নে বেগম খালেদা জিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, যে বয়সে স্বাভাবিক জীবনযাপন ও পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা, সেই বয়সেই তাদের রাজপথ ও আদালতের বারান্দায় দিন কাটাতে হচ্ছে। তিনি বলেন, “আমরা ঘর থেকে বের হলে জানি না নিরাপদে ফিরতে পারব কিনা। সন্তানও জানে না তার বাবা ঘরে ফিরবে কিনা।” বক্তব্যের একপর্যায়ে শহীদ ওসমান হাদির কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, গত ১৭ বছরে আন্দোলনের পথ সহজ ছিল না। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, ভোট জালিয়াতি ও দমনপীড়নের মধ্য দিয়েই বর্তমান অবস্থানে পৌঁছাতে হয়েছে। তিনি ঘোষণা দেন, দেবিদ্বারকে আর কখনো কারও ‘মানি মেশিন’ হতে দেওয়া হবে না।
দেবিদ্বার উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জাতীয় ছাত্রশক্তির প্রতিনিধি মো. হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুমিল্লা উত্তর জেলার সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম এবং এনসিপির ভারপ্রাপ্ত সমন্বয়ক জাহাঙ্গীর আলম সরকারসহ অন্য নেতারা।









































