শুক্রবার । মে ১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ২৩ জানুয়ারি ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

প্রবাসী ভোটারদের উদ্দেশ্যে জামায়াত আমিরের বিশেষ বার্তা


Shafiqur-Rahman

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রয়োগের জন্য বিশেষ বার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান পোস্টে বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি প্রবাসী ভোটাররা ইনশাআল্লাহ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি প্রবাসীদের সতর্ক করেছেন, দেশের ইতিবাচক পরিবর্তনের জন্য এই নির্বাচনে ভোট দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সুযোগ দেবে। প্রথমত, ৫৪ বছরের ঘুণে ধরা শাসনব্যবস্থা, দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশের মুক্তি ও সংস্কারের জন্য গণভোটে ‘হ্যাঁ’ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

দ্বিতীয়ত, ন্যায় ও ইনসাফভিত্তিক, দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে এবং জনগণের আকাঙ্ক্ষাভিত্তিক বাংলাদেশের জন্য ভোট দেওয়ার পরামর্শ দিয়েছেন জামায়াত আমির। তিনি বলেন, যারা দুর্নীতি ও দুঃশাসনের সঙ্গে যুক্ত, তাদের প্রত্যাখ্যান করুন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, “রাজনৈতিক দল হিসেবে সকলেরই ভোট চাওয়ার অধিকার আছে। তবে ২৪ জুলাই পরবর্তী কার্যক্রম বিবেচনায় নিলেই ভোট দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ আপনার জন্য সহজ হয়ে যাবে।। প্রবাসী ভোটাররা তাদের পছন্দের প্রার্থী ও প্রতীক নিজের বিবেচনায় বেছে নেবেন।”

সবশেষে জামায়াতে আমির প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে লিখেন, ‘মনে রাখবেন, ভোট শুধু আপনার অধিকার নয়; দেশ ও জাতিকে সঠিক পথে পরিচালনার জন্য এটি আপনার পবিত্র দায়িত্ব।’