
রাজধানীর নয়াপল্টনে অবস্থিত ‘শারমিন একাডেমি’ নামের একটি স্কুলে শিশু নির্যাতনের ঘটনায় করা মামলার প্রধান আসামি ও বিদ্যালয়টির ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, স্কুলটিতে ভর্তি হওয়ার মাত্র সাত দিনের মাথায় গত ১৮ জানুয়ারি চার বছর বয়সী এক শিশু শিক্ষক ও ব্যবস্থাপকের হাতে নির্যাতনের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
এর আগে স্কুলের অফিসকক্ষে শিশুটিকে নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক শারমিন জাহান শিশুটিকে টেনে একটি কক্ষে নিয়ে গিয়ে মারধর করেন। পরে কক্ষে থাকা তাঁর স্বামী ও স্কুলের ব্যবস্থাপক পবিত্র কুমার বড়ুয়া শিশুটির ওপর নির্যাতন চালান।
ফুটেজে শিশুটির গলা ও মুখ চেপে ধরা, ভয়ভীতি প্রদর্শনসহ নির্মম আচরণের দৃশ্য দেখা যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক ও ব্যবস্থাপক আত্মগোপনে ছিলেন। পরে মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে প্রধান আসামি পবিত্র কুমার বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়।












































