বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শেয়ার

দেশে ফিরতে চান মালয়েশিয়া প্রবাসী অসুস্থ সালাউদ্দিন


salauddin

ছবি: সংগৃহীত

ভাগ্য পরিবর্তনের আশায় বুকভরা স্বপ্ন নিয়ে ২০২০ সালে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন নরসিংদী জেলার নবীনগরের সালাউদ্দিন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি বিদেশের মাটিতে হাসপাতালের বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন। অর্থাভাব আর আইনি জটিলতায় থমকে গেছে তার দেশে ফেরার পথ।

ভালো আয়ের আশায় বিদেশ গেলেও ভিসা জটিলতা, বেতন বঞ্চনা আর ঋণের বোঝা সালাউদ্দিনকে মানসিকভাবে ভেঙে ফেলেছিল। এই মানসিক চাপের সাথে যোগ হয়েছে তীব্র শ্বাসকষ্টজনিত শারীরিক জটিলতা। বর্তমানে তিনি কুয়ালালামপুরের তেনংগু আম্পুয়ান রাহিমাহ হাসপাতালে চিকিৎসাধীন।

তীব্র শ্বাসকষ্টজনিত জটিলতায় আক্রান্ত সালাউদ্দিনের শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বিদেশের মাটিতে নিঃস্ব অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে তার একটাই আকুতি—তিনি শেষবারের মতো নিজের জন্মভূমি আর পরিবারের কাছে ফিরতে চান।

কিন্তু এই ফেরার পথে পাহাড়সম বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। হাসপাতাল বিল পরিশোধ, আইনি জটিলতা নিরসনে স্পেশাল পাস এবং অসুস্থ অবস্থায় তাকে দেশে আনার বিমান টিকিটসহ সব মিলিয়ে প্রয়োজন প্রায় ২০ হাজার রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা তার দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়।

সালাউদ্দিনের এমন অসহায়ত্ব দেখে এগিয়ে এসেছেন মালয়েশিয়া প্রবাসী ফেনীর মেহদী হাসান ও সাংবাদিক মোহাম্মদ আলী। মানবিক দিক বিবেচনা করে মেহদী হাসান তাকে নিজের বাসায় আশ্রয় দিয়েছেন এবং শুরু থেকেই তার চিকিৎসা ও দেশে ফেরানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সালাউদ্দিনের বৈধ কাগজপত্র না থাকায় এবং পর্যাপ্ত অর্থের অভাবে তাকে উন্নত চিকিৎসা দেওয়া বা দেশে পাঠানো সম্ভব হচ্ছে না। সময়মতো চিকিৎসার খরচ জোগাড় না হলে তাকে হয়তো আর জীবিত অবস্থায় বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না বলে আশঙ্কা করছেন তার স্বজনরা।

বাবার ফেরার অপেক্ষায় প্রহর গুনছে সালাউদ্দিনের অবুঝ সন্তানরা। বাবার শেষ দেখাটুকু তারা পাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। সালাউদ্দিনকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রবাসী বাংলাদেশি ভাই-বোন, হৃদয়বান বিত্তশালী ব্যক্তি এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে বিনীত ও মানবিক আবেদন জানিয়েছে তার পরিবার।

সালাউদ্দিনের জীবন বাঁচাতে আর্থিক সহায়তা বা যে কোনো তথ্যের জন্য সরাসরি যোগাযোগ করা যাবে +60182100344 (মোহাম্মদ আলী) অথবা +601161873503 (মেহেদী হাসান)—এই নম্বরগুলোতে। আপনার সামান্যতম সহমর্মিতা হয়তো একজন রেমিট্যান্স যোদ্ধাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে।