
আল–উদেইদ মার্কিন ঘাঁটি
কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, মঙ্গলবার (৩ মার্চ) কাতারকে লক্ষ্য করে ইরান দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে প্রতিহত করা হয়। তবে অপর ক্ষেপণাস্ত্রটি আল–উদেইদ ঘাঁটিতে আঘাত হানে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কাতার কর্তৃপক্ষ জানায়, ইরান এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে তেহরান পাল্টা হামলা চালাচ্ছে, যার অংশ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
এদিকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান বড় ধরনের সামরিক সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সংঘাতের চতুর্থ দিনে এসে ইরানের পক্ষ থেকে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রয়েছে।
বিশ্লেষকদের মতে, এটি সংঘাতের একটি ‘নতুন ধাপ’, যেখানে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন মোকাবিলায় আঞ্চলিক দেশগুলো সক্রিয়ভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে।





































