
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ইরানে হামলা–সংক্রান্ত অভিযানে যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে বৈঠককালে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন, ইরানকে লক্ষ্য করে পরিচালিত অভিযানে সহায়তার জন্য স্পেন তাদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। এ কারণে তিনি স্পেনের অবস্থানের তীব্র সমালোচনা করেন।
ট্রাম্প বলেন, ‘স্পেন খুবই খারাপ আচরণ করেছে।’ তিনি জানান, যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে তিনি স্পেনের সঙ্গে ‘সব ধরনের লেনদেন বন্ধ’ করার নির্দেশ দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা স্পেনের সঙ্গে সব বাণিজ্য বন্ধ করে দেব। স্পেনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক রাখতে চাই না।’
এদিকে, একই ইস্যুতে যুক্তরাজ্যের সিদ্ধান্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

































