
ছবি: সংগৃহীত
ঘরের মাঠে ৩-০ গোলের দাপুটে জয় পেলেও কোপা দেল রে’র সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হলো বার্সেলোনাকে। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদকে উড়িয়ে দিলেও দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে দিয়েগো সিমিওনের দল।
বার্সেলোনার এই বিদায়ের নেপথ্যে ছিল প্রথম লেগের সেই বিশাল হার। গত মাসে মাদ্রিদের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল কাতালান ক্লাবটি। সেই পাহাড়সম ব্যবধান ঘুচাতে দ্বিতীয় লেগজুড়ে অল-আউট ফুটবল খেললেও শেষ পর্যন্ত মাত্র ১ গোলের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বার্সাকে।
ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল বার্সেলোনা। ২৯ মিনিটে তরুণ প্রতিভা মার্ক বার্নাল গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন রাফিনিয়া। ৭২ মিনিটে বার্নাল নিজের দ্বিতীয় গোলটি করলে বার্সা ৩-০ ব্যবধানে এগিয়ে যায় এবং ফাইনালের লড়াইয়ে ফেরার আশা জাগিয়ে তোলে। তখন সমতায় ফিরতে বার্সার প্রয়োজন ছিল আর মাত্র একটি গোল। কিন্তু ম্যাচের বাকি সময় অ্যাতলেতিকোর ইস্পাতকঠিন রক্ষণভাগ আর ভাঙতে পারেনি তারা।
ম্যাচ শেষে বার্সা তারকা রাফিনিয়া বলেন, ‘৪-০ ব্যবধান কাটিয়ে ওঠা সহজ নয়, তবুও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। ফাইনালে যেতে না পেরে আমরা সত্যিই হতাশ।’ অন্যদিকে অ্যাতলেতিকোর গোলরক্ষক হুয়ান মোসো বলেন, ‘আমরা জানতাম বার্সা চেপে ধরবে। কঠিন সময় পার করলেও শেষ পর্যন্ত আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি।’
এই জয়ের ফলে ২০১২-১৩ মৌসুমের পর প্রথমবারের মতো কোপা দেল রে’র ফাইনালে উঠলো অ্যাতলেতিকো মাদ্রিদ।








































