বুধবার । মার্চ ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ মার্চ ২০২৬, ৯:০১ অপরাহ্ন
শেয়ার

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮০


IRIS Dena

‘আইআরআইএস ডেনা’ ।। ছবি: উইকিপিডিয়া

ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বুধবার (৪ মার্চ) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইরান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান। তিনি নিশ্চিত করেন, টর্পেডো হামলার মাধ্যমেই যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে পিট হেগসেথ বলেন, ‘ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে—যে জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করছিল।’

এর আগে প্রকাশিত খবরে বলা হয়, শ্রীলঙ্কার জলসীমার বাইরে একটি ইরানি ফ্রিগেট ডুবিয়ে দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশনকে জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন।

Pit-Hegseth

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে যে সামরিক অভিযান শুরু করেছে, তা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। সামনে আরও বড় পরিসরের অভিযান আসছে বলেও জানান তিনি। তার দাবি, যুদ্ধ শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ইরানের আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার লক্ষ্য রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর।

পিট হেগসেথ বলেন, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করা হচ্ছে এবং অভিযানের চূড়ান্ত সাফল্য নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজন অনুযায়ী সময় নেবে।

এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘সফল হওয়া নিশ্চিত করতে যত সময় প্রয়োজন, আমরা তত সময় নেব।’

সূত্র: বিবিসি