বুধবার । মার্চ ৪, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৪ মার্চ ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
শেয়ার

ইরান বিশ্বকাপে অংশ নিল কি না,‘পাত্তা দিচ্ছি না’: ডোনাল্ড ট্রাম্প


trump

আসন্ন বিশ্বকাপ ফুটবলে ইরানের অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য বৈশ্বিক ক্রীড়া ও রাজনীতিতে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী জুন মাসে শুরু হতে যাওয়া এই আসরে ইরানের খেলা প্রসঙ্গে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন যে, ইরান অংশ নিল কি না, তাতে তাঁর কিছুই আসে যায় না।

প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদমাধ্যম ‘পলিটিকো’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি সত্যিই পাত্তা দিচ্ছি না ইরান খেলার সুযোগ পাচ্ছে কি না! আমি মনে করি ইরান এখন পরাজিত দেশ। তারা প্রায় শক্তিহীন হয়ে গেছে।

এমন এক সময়ে তাঁর এই মন্তব্য এল যখন মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক উত্তেজনা চরমে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলা এবং জবাবে ইরানের পাল্টা হামলায় উপসাগরীয় অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে।

ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে এবং গ্রুপ ‘জি’-তে তাদের প্রথম ম্যাচ আগামী ১৫ জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়েছেন, “যুক্তরাষ্ট্রের হামলার পর আমরা বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকতে পারব, এমনটা হওয়ার সম্ভাবনা কম। ক্রীড়ার বিষয়টি যাঁরা দেখেন, তাঁরাই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।”

অন্যদিকে ফিফার সাধারণ সম্পাদক মাটিয়াস গ্রাফস্ট্রম একটি নিরাপদ ও অংশগ্রহণমূলক বিশ্বকাপ আয়োজনের আশাবাদ ব্যক্ত করেছেন। সব মিলিয়ে রণক্ষেত্রের উত্তেজনা এখন ফুটবল মাঠের সবুজ ঘাসকেও অনিশ্চয়তার চাদরে ঢেকে দিয়েছে।