বুধবার । মার্চ ৪, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ১ মার্চ ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন
শেয়ার

খামেনি বেঁচে আছেন, দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যম


Khameni

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি গোয়েন্দা সূত্র। তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এবং ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ খামেনির মৃত্যুর খবর প্রকাশ করেছে।

তবে এই দাবির বিপরীতে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ ও মেহের নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এখনো জীবিত আছেন। তাদের প্রতিবেদনে বলা হয়, তিনি দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রয়টার্স ও ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে ইরানি সংবাদমাধ্যমগুলোর বক্তব্য সম্পূর্ণ বিপরীত, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এর আগে চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, তিনি তার প্রাসাদের কম্পাউন্ডে প্রাণ হারান এবং সেখান থেকে ইরানি উদ্ধারকারীরা মরদেহ উদ্ধার করে।

এদিকে শনিবার সকালের দিকে খামেনির প্রাসাদ লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের হামলা চালানো হয়। পরে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে। ছবিতে দেখা যায়, খামেনির প্রাসাদ সম্পূর্ণ ধ্বংস হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ঘটনা ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে খামেনির প্রকৃত অবস্থা নিয়ে এখনো পর্যন্ত নিরপেক্ষ ও নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় বিশ্বজুড়ে নজর রাখা হচ্ছে পরবর্তী আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার দিকে।

সূত্র: আল জাজিরা