রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২০ অপরাহ্ন
শেয়ার

‘নারীরা শীর্ষ পদে আসতে পারবেন না মেনেই আমরা রাজনীতি করি’


Nurunnesa-Siiddiqua

সংগৃহীত ছবি

জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেছেন, নারীরা জামায়াতের শীর্ষ পদে যেতে পারবেন না—এ বিষয়টি মেনেই তারা রাজনীতি করেন। তিনি বলেন, কোরআনের ব্যাখ্যা অনুযায়ী নারীর নেতৃত্ব ইসলামের পরিপন্থী এবং ইসলাম ধর্মে পুরুষই নারীর পরিচালক।

রোববার (১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

নুরুন্নেসা সিদ্দীকা বলেন, যেহেতু জামায়াতে ইসলামী একটি ইসলামী সংগঠন, তাই সেখানে নারীরা পরিচালক বা শীর্ষ পদে যেতে পারবেন না। তবে শীর্ষ পদে নারী আসা তাদের কাছে মুখ্য নয় উল্লেখ করে তিনি বলেন, নারীদের প্রকৃত অধিকার আদায় হচ্ছে কি না- সেটিই গুরুত্বপূর্ণ। গত ৫৪ বছরে দেশে দুইজন নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীদের নিরাপত্তা বাড়েনি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, জামায়াতে ইসলামীর মজলিসে শুরার উপদেষ্টা কমিটিতে প্রায় ৪৩ শতাংশ নারী প্রতিনিধি রয়েছেন এবং স্থানীয় নির্বাচনেও নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্য।

এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান নির্বাচন কমিশনে শান্তি কমিটি গঠন নিয়ে অভিযোগ করার প্রসঙ্গে নুরুন্নেসা সিদ্দীকা বলেন, “সুস্থ কোনো দল এবং সুস্থ কোনো মানুষ শান্তি কমিটি নিয়ে কথা বলতে পারে না।”

নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেত্রী ও মহিলা বিভাগের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন মহিলা বিভাগের সেক্রেটারি জেনারেল নেসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাইদা রহমান এবং রাজনৈতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ডা. হাবিবা চৌধুরী।

বৈঠক শেষে ডা. হাবিবা চৌধুরী বলেন, দেশের মোট ভোটারের প্রায় ৫০ শতাংশ নারী। একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নারীরা ভোট দিতে চান। তিনি দাবি করেন, গত ১৫–১৬ বছরে অনেক নারী ভোট দিতে পারেননি এবং এবারও একটি মহল সেই সুযোগ নষ্ট করতে ষড়যন্ত্র করছে। দেশের ১৫টি স্থানে নারীদের ওপর হামলার সচিত্র নথিপত্র নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ডা. হাবিবা চৌধুরী বলেন, ভয় দেখিয়ে নারীদের দমন করা যাবে না এবং প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভোটের প্রচারণায় গেলে জামায়াতের নারী কর্মীরা বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়ছেন। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়েছে।

তিনি আরও বলেন, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে নারীদের বিষয়ে অপপ্রচার চালানো হয়েছে বলেও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। এতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইসি ও সরকারের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে একটি অবমাননাকর পোস্ট দেওয়া হয়। পরে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্ট দেওয়া হয়েছিল। এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।