রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শেয়ার

গণভোট একদিন দেশদ্রোহিতা হিসেবে প্রমাণিত হবে: জি এম কাদের


GM-Kader

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার দেশের মানুষের সঙ্গে দূরত্ব তৈরি করে বাইরের শক্তির প্ররোচনায় আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী হিসেবে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, একই দিনে সাধারণ নির্বাচন ও গণভোট আয়োজন সম্ভব নয়। তাঁর দাবি, নির্বাচিত সংসদ সদস্যরাই কেবল গণভোট আয়োজন করতে পারেন এবং বর্তমান সরকারের গণভোট উদ্যোগ একদিন দেশদ্রোহিতা হিসেবে প্রমাণিত হবে। তিনি বলেন, একটি গোষ্ঠী দেশকে সাম্প্রদায়িক, সন্ত্রাসী ও উগ্রপন্থি রাষ্ট্রে পরিণত করতে চায়; এসব থেকে দেশ রক্ষায় গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, চিহ্নিত খুনিদের ছেড়ে দিয়ে নিরীহ মানুষকে মামলা দিয়ে জেলে পাঠানো হচ্ছে এবং সারাদেশে অন্যায়-অত্যাচার চলছে। যারা দেশ ধ্বংসের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেই জাতীয় পার্টির সংগ্রাম বলে জানান তিনি।

প্রচার-প্রচারণায় ভালো সাড়া পাওয়ার কথা উল্লেখ করে জি এম কাদের বলেন, সুষ্ঠু ভোট হলে রংপুর বিভাগসহ সারাদেশে জাতীয় পার্টি আগের চেয়ে বেশি ভোট ও আসন পাবে।

গণসংযোগে জাতীয় পার্টির শীর্ষ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।