
ছবি : সংগৃহীত
আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক মাসে ৩ হাজার ৫০০ প্রবাসীকে গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েত। জানুয়ারি মাসজুড়ে দেশটির বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে এই অভিবাসীদের আটক করা হয়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম ‘গালফ নিউজ’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, আবাসন ও শ্রম আইনের প্রয়োগ জোরদার করতে জানুয়ারি মাসজুড়ে কুয়েতের সব অঞ্চলে একযোগে অভিযান চালায় দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় বিভিন্ন দেশের মোট ৩ হাজার ৫০০ নাগরিককে আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।
কুয়েতের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, প্রত্যাবাসিতদের মধ্যে অবৈধভাবে অবস্থানকারী শ্রমিক, পলাতক কর্মী এবং অন্যান্য অভিবাসন আইন লঙ্ঘনকারীরা ছিলেন। জাতীয় নিরাপত্তা ও আইনি শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবেই এই কঠোর অভিযান পরিচালনা করা হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক বছরে কুয়েত থেকে এ ধরনের অভিযানের মাধ্যমে হাজার হাজার অবৈধ প্রবাসীকে প্রত্যাবাসন করা হয়েছে। দেশটির কর্তৃপক্ষ বারবার জানিয়েছে, আইন মেনে বসবাস ও কাজ নিশ্চিত করাই এসব অভিযানের মূল লক্ষ্য।










































