
ছবি: সংগৃহীত
শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ নুরুজ্জামান বাদল ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে রাত ৩টা ২৪ মিনিটে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান জানান, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদল দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে রাত ৩টার দিকে স্বদেশ হাসপাতালে তার মৃত্যু হয়।
তার মৃত্যুর খবরে নিজ নির্বাচনী এলাকা শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলায় শোকের ছায়া নেমে আসে। জামায়াতে ইসলামীর পাশাপাশি বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।









































