রবিবার । মার্চ ২২, ২০২৬
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৭ পূর্বাহ্ন
শেয়ার

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফকে গুলি করে হত্যা


Saif-Gaddafi

লিবিয়ার প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফিকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।

লিবিয়ায় দায়িত্বরত আল–জাজিরার প্রতিনিধি আহমেদ খলিফা জানান, গত এক দশক ধরে সাইফ আল-ইসলাম জিনতানেই অবস্থান করছিলেন। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৫৩ বছর বয়সী সাইফ আল-ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান।

তবে কারা এই হামলা চালিয়েছে এবং কী পরিস্থিতিতে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। লিবিয়া সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি।

পাশ্চাত্যে শিক্ষিত ও সুবক্তা হিসেবে পরিচিত সাইফ আল-ইসলাম গাদ্দাফি তাঁর বাবার শাসনামলে লিবিয়ার দমনমূলক শাসনের একটি তুলনামূলক প্রগতিশীল মুখ হিসেবে পরিচিত ছিলেন। দুই হাজারের দশকের শুরুতে পশ্চিমা বিশ্বের সঙ্গে লিবিয়ার কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তিনি ২০০৮ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের আগে তাঁকে লিবিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো। গাদ্দাফি নিহত হওয়ার পর সাইফ আল-ইসলাম জিনতানে বন্দী হন এবং পরে ২০১৭ সালে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি পান। মুক্তির পরও তিনি জিনতানেই বসবাস করছিলেন।