রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শেয়ার

বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা আজ


BNP

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে নিজেদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিকেল সাড়ে ৩টায় আয়োজিত এক অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার ঘোষণা করবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে জানান, ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়, এবারের ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা ও জুলাই সনদকে মূল ভিত্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে তরুণ ভোটারদের প্রত্যাশা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

ইশতেহারে জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি থাকছে। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং দুর্নীতি দমনে শক্তিশালী কাঠামো গঠনের অঙ্গীকার তুলে ধরা হবে।

এ ছাড়া মানবাধিকার সুরক্ষা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতি বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করা হবে। একই সঙ্গে আলেম-ওলামা, কৃষক ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে বিশেষ অগ্রাধিকারমূলক প্রতিশ্রুতিও ইশতেহারে অন্তর্ভুক্ত থাকছে।