রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৬ ফেব্রুয়ারি ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
শেয়ার

সংঘর্ষে আহত রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার


Salahuddin-Amber

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান আন্দোলনের সময় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত হয়েছেন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর এ ঘটনা ঘটে।

ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার থেকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সংগঠনটির নেতাকর্মীরা। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার জুমার নামাজের পর তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন।

এ সময় সেখানে সমবেত হলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও গুলি ছোড়ে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হন এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত হন। এতে আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলেও সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকেও এ ঘটনায় আঘাত করা হয়েছে।

আরেকটি পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, আপাতত কোনো জমায়েত না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে চিকিৎসা শেষে পুনরায় রাজপথে ফেরার ঘোষণা দিয়ে সবাইকে নিরাপদে থাকার অনুরোধ করা হয়।