রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ন
শেয়ার

উত্তরাঞ্চলের ৩ জেলায় তারেক রহমানের জনসভা আজ


tarek

ফাইল ছবি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ উত্তরাঞ্চলের তিন জেলা সফরে যাচ্ছেন। সফরের অংশ হিসেবে তিনি ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে পৃথক জনসভায় অংশ নেবেন। এই সফর ঘিরে ব্যাপক দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে তারেক রহমান ঠাকুরগাঁওয়ে পৌঁছাবেন। এখানেই হবে তাঁর প্রথম জনসভা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী এলাকা হওয়ায় ঠাকুরগাঁওয়ের এই জনসভাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দলটি। জনসভা উপলক্ষে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মঞ্চ নির্মাণ, মাইকিংসহ সার্বিক ব্যবস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় নেতাকর্মীরা।

ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে হেলিকপ্টারে জনসভাস্থলে যাবেন বিএনপি চেয়ারম্যান। স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন নিয়ে বিএনপি মহাসচিবের দীর্ঘদিনের নানা পরিকল্পনা রয়েছে। তারেক রহমানের এই সফরের মাধ্যমে সেসব পরিকল্পনা বাস্তবায়নের পথ আরও সহজ হবে বলে তারা আশাবাদী।

পুলিশ জানিয়েছে, বিএনপি চেয়ারম্যানের সফর ও জনসভা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার চলাচল ও জনসভাস্থল ঘিরে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঠাকুরগাঁওয়ের জনসভা শেষে নীলফামারীতে আরেকটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। এরপর তিনি দিনাজপুরের বিরামপুরে যাবেন। স্থানীয়রা জানান, বিরামপুরে তারেক রহমানের নানার বাড়ি রয়েছে। সেখানে তিনি জনসভা শেষে তাঁর নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরের মাধ্যমে বিরামপুরসহ আশপাশের এলাকার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জিয়া পরিবারের প্রতি মানুষের যে গভীর ভালোবাসা রয়েছে, তা আজকের জনসভাগুলোতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়েই প্রমাণিত হবে। তিনি আশা প্রকাশ করেন, উত্তরাঞ্চলের এই সফর বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে।