
ফাইল ছবি
নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ সিলেট যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলীয় সূত্রে জানানো হয়েছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দল ও জোটের কার্যক্রম জোরদার করতেই এই সফর।
সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ঐতিহাসিক সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সিলেট জেলা জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। জনসভা বিকেল ৩টায় শুরু হয়ে সাড়ে ৪টার মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানান, জনসভায় সিলেট জেলার ছয়টি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পাশাপাশি সুনামগঞ্জ জেলার চারটি আসনের জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এর মাধ্যমে ভোটারদের সঙ্গে প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে নির্বাচনী মাঠে দলীয় অবস্থান আরও সুদৃঢ় করা হবে বলে জানান তিনি।
নির্বাচনী সফরের অংশ হিসেবে ডা. শফিকুর রহমান এর আগে হবিগঞ্জ ও মৌলভীবাজারে পৃথক জনসভায় যোগ দেবেন। তবে সময় স্বল্পতার কারণে সুনামগঞ্জে পূর্বনির্ধারিত জনসভা বাতিল করা হয়েছে বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
দলীয় নেতাকর্মীরা আশা করছেন, জামায়াত আমিরের এই সফর সিলেট অঞ্চলে দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে।










































