শনিবার । মার্চ ২১, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজধানী ৭ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
শেয়ার

শাহবাগ ছাড়লেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা


Shahbagh

জনভোগান্তির কথা বিবেচনায় রাজধানীর শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়েছেন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় ছেড়ে দিলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশি হামলা ও ‘ভারতীয় ষড়যন্ত্রের’ প্রতিবাদে জুলাই ঐক্যের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে সমবেত হন। এ সময় তাদের হাতে জাতীয় পতাকা ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্রায় ১৫ মিনিট অবস্থানের পর সাধারণ মানুষের ভোগান্তির কথা বিবেচনায় নিয়ে তারা সড়ক ছেড়ে দেন।

জানা গেছে, শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। পুলিশের ব্যারিকেডের মুখে তারা রাতভর সেখানে অবস্থান করেন।

পরদিন শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর একই দাবিতে যমুনার অভিমুখে অগ্রসর হলে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এতে ডাকসু নেত্রী ফাতেম তাসনিম জুমা, ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারসহ অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

এ ছাড়া শুক্রবার সন্ধ্যায় শাহবাগ থেকে একাংশ আন্দোলনকারী হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনিসহ অন্তত ২০ জন আহত হন।

পরে ডাকসু নেতাদের আহ্বান ও সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইনকিলাব মঞ্চ শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত ঘোষণা করে। এর পর থেকেই শাহবাগ এলাকায় যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।