
ছবি: সংগৃহীত
স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। নেপালের পোখরায় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিলো ভারত। বিরতির পর কোনো কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে না পারায় দ্বিতীয়ার্ধে আরও তিন গোল হজম করে বাংলাদেশ। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বাটলারের শিষ্যদের।
অথচ পুরো টুর্নামেন্টজুড়েই দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাংলাদেশের। গ্রুপ পর্বে তিন ম্যাচে ১৮ গোল করলেও বাংলাদেশের জালে কোনো গোল ঢোকাতে পারেনি প্রতিপক্ষরা। এমনকি গ্রুপ ম্যাচে ভারতকেও ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তবে ফাইনালে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি দলটি।
ফাইনালে নিয়ন্ত্রিত ও পরিকল্পিত ফুটবলে আধিপত্য দেখায় ভারত। বিপরীতে বাংলাদেশের খেলায় ছিল ছন্দহীনতা ও ভুলের ছড়াছড়ি। রক্ষণভাগ একের পর একবার ভেঙে পড়ে, আর গোলরক্ষক ইয়ারজানের দুইটি ভুল পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশের রক্ষণের দুর্বলতায় আনমার্কড অবস্থায় থাকা ভারতীয় অধিনায়ক সহজেই প্রথম গোলটি করেন। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে পেনাল্টি পায় ভারত। লং বল সামলাতে ব্যর্থ হয়ে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে পড়ে ভারতীয় ফরোয়ার্ড, যার ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে ভারত।
এরপর মিনিট কয়েকের ব্যবধানে প্রতীমার ব্যাক পাস থেকে শট নিতে গিয়ে গোলরক্ষক ইয়ারজানের ভুলে পার্ল ফার্নান্দেজ বল ছিনিয়ে নিয়ে সহজ গোল করেন। ম্যাচের ৮৩ মিনিটে রক্ষণভাগের আরেকটি ভুলে চতুর্থ গোল হজম করে বাংলাদেশ।
সব মিলিয়ে ফাইনালে ভুল ও চাপ সামলাতে না পারার মাশুল গুনে শিরোপার খুব কাছ থেকে ফিরে আসতে হলো বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ নারী দলকে।












































