শনিবার । মার্চ ২১, ২০২৬
স্পোর্টস ডেস্ক খেলা ৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫১ অপরাহ্ন
শেয়ার

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশ


bangladesh-women-under-19

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ বুধবার নেপালকে ৪-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজের মেয়েরা। ৭ ফেব্রুয়ারি ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচের তৃতীয় মিনিটেই মিরা খাতুনের গোলে এগিয়ে বাংলাদেশ। বিরতির ঠিক আগে আলপি আক্তারের গোলে ব্যবধান দ্বিগুণ করে লাল-সবুজের দল। আলপি আক্তার নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন ৬৬ মিনিটে। ৮২ মিনিটে আলপি হ্যাটট্রিক পূরণ করলে বাংলাদেশের জয়ের ব্যবধান বেড়ে হয় ৪-০। ম্যাচের সেরা খেলোয়াড়ের খেতাবও জেতেন তিনি।

এর আগে ভারতকে ২-০ ও ভুটানকে ১২-০ গোলে পরাজিত করেছিল বাংলাদেশ। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজরা। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ভারত।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েরা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। প্রতিটি ম্যাচে একের পর এক গোল এবং শক্তিশালী রক্ষণভিত্তি তাদের জয় নিশ্চিত করেছে। এই প্রাথমিক পর্বে দেখানো দৃঢ় আত্মবিশ্বাস ও খেলোয়াড়দের সমন্বয় বাংলাদেশের ফাইনালে ওঠার ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছে।

ফাইনালে দুই বছর পর পুনরায় মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এর আগে ২০২৪ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। নাটকীয় সেই ফাইনালে হারাতে পারেনি কেউ কাউকে। নির্ধারিত সময়ের খেলা ১-১ ও টাইব্রেকারের ১১-১১ গোলে সমতার পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল সাফ।