বৃহস্পতিবার । মার্চ ৫, ২০২৬
প্রবাস ডেস্ক প্রবাস ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় ক্রেনের নিচে চাপা পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু


malaysia-accident

ফুটপাতে আটকে গিয়ে ক্রেনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পেরাক এলাকায় ‘স্পাইডার লিফট’ নামে পরিচিত একটি ক্রেনের নিচে চাপা পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই প্রবাসী নিজেই ক্রেনটির চালক ছিলেন।

কুয়ালালামপুর ট্রাফিক ইনভেস্টিগেশন অ্যান্ড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রধান সহকারী পুলিশ কমিশনার (এসিপি) মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ইসা জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় নিহত শ্রমিক রাস্তার পাশের একটি বিলবোর্ডে কাজ করছিলেন।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, কাজের সময় রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত ক্রেনটি হঠাৎ ফুটপাতে আটকে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ক্রেনটির নিচেই চাপা পড়েন ওই বাংলাদেশি শ্রমিক।

দুর্ঘটনার সময় ক্রেনটির ভারে পার্শ্ববর্তী দুটি গাড়ি সম্পূর্ণভাবে চূর্ণ হয়ে যায়। তবে গাড়িগুলোর ভেতরে থাকা যাত্রীদের কেউ আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন কুয়ালালামপুর হাসপাতালের একজন চিকিৎসক। পরীক্ষা-নিরীক্ষার পর তিনি ঘটনাস্থলেই বাংলাদেশি শ্রমিককে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর ক্রেনটির মালিক প্রতিষ্ঠানকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি কুয়ালালামপুর শহরে ওই ক্রেনটি চালানোর জন্য প্রয়োজনীয় অনুমতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।