রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
শেয়ার

‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন’


Mirza-Abbas

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মাধ্যমে আল্লাহ তাঁর ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। তিনি বলেন, নির্বাচনের দিন ১২ তারিখ পর্যন্ত যেন তিনি ধৈর্য ধরে থাকতে পারেন—সে জন্য সবার দোয়া কামনা করছেন।

রোববার রাজধানীর আরামবাগে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, তাঁকে অশান্তিতে রাখার জন্য একটি পরিকল্পিত পরিবেশ তৈরি করা হচ্ছে। তাঁর অভিযোগ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী অশালীন বক্তব্য দিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছেন, যাতে মারামারি বাধে। তিনি দাবি করেন, নির্বাচনকে কেন্দ্র করে ‘সিন্ডিকেট’ তৈরিরও চেষ্টা চলছে।

মির্জা আব্বাস আরও অভিযোগ করেন, নির্বাচন বানচালের লক্ষ্যে কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা হতে পারে। তাঁর দাবি, নিজেরা যে কাজ করছে, তার দায় অন্য দলের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, কারণ তাদের সমর্থিত দল বর্তমানে ক্ষমতায় রয়েছে।

তিনি বলেন, যাদের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই, তারা কীভাবে ১২ তারিখের পর ক্ষমতায় এসে ‘দেখে নেওয়ার’ হুমকি দিচ্ছে—তা নিয়েই প্রশ্ন ওঠে। তাঁর মতে, সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় তাদের লোকজন থাকায় তারা এই সাহস পাচ্ছে এবং প্রয়োজনে নিজেদের ইচ্ছামতো নির্বাচনের ফল ম্যানিপুলেট করার চেষ্টা করা হতে পারে।

এদিন মির্জা আব্বাস আরামবাগের পর ফকিরাপুল এলাকায় গণসংযোগ করেন। পরে বিকেলে কমলাপুর কালভার্ট রোড থেকে বাবে রহমত উটখামার পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালান। সন্ধ্যায় সিদ্ধেশ্বরী কলেজ এলাকার আশপাশে এবং রাতে বঙ্গভবন স্টাফ কোয়ার্টার এলাকায় গণসংযোগ করার কথা রয়েছে।