
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দীর্ঘদিন কার্যত থমকে যাওয়া অভিনয়জীবনের কঠিন অভিজ্ঞতার কথা প্রকাশ্যে জানিয়েছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। প্রায় সাত বছর পর হনসল মেহতার নতুন ওয়েব সিরিজের মাধ্যমে অভিনয়ে ফিরছেন তিনি, যেখানে তাঁর সহশিল্পী অনিল কাপুর।
এক সাক্ষাৎকারে রিয়া জানান, সুশান্তের মৃত্যুর পর তিনি কোনো কাজ পাচ্ছিলেন না, এমনকি কেউ তাঁর সঙ্গে পর্দায় কাজ করতেও রাজি ছিলেন না। এই পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং একাধিকবার থেরাপির মধ্য দিয়ে যেতে হয়।
হনসল মেহতার সঙ্গে কাজের প্রস্তাব প্রথমে ফিরিয়ে দিলেও পরে রাজি হন রিয়া। তাঁর ভাষায়, শুটিংয়ে ফিরে বুঝতে পারেন অভিনয়ই তাঁর আসল জায়গা। কঠিন সময়ের কথা বলতে গিয়ে পাশে থাকা মানুষদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়াকে ঘিরে ব্যাপক বিতর্ক ও আইনি জটিলতা তৈরি হয় এবং সেই সময় থেকেই তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবন আমূল বদলে যায়।









































