ক্যানসারের সঙ্গে দীর্ঘ এক বছরের লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’-এর প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান ভোকালিস্ট ব্র্যাড আর্নল্ড। মৃত্যুকালে এই প্রভাবশালী রকস্টারের বয়স হয়েছিল মাত্র ৪৭ বছর।
গত শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, স্টেজ–৪ কিডনি ক্যানসারে আক্রান্ত ব্র্যাড তার স্ত্রী ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
২০২৫ সালের মে মাসে ব্র্যাড আর্নল্ড প্রথমবারের মতো নিজের অসুস্থতার কথা ভক্তদের সামনে আনেন। সে সময় তিনি জানিয়েছিলেন, তার শরীরে স্টেজ–৪ ক্লিয়ার সেল রেনাল কার্সিনোমা শনাক্ত হয়েছে, যা পরবর্তীতে ফুসফুসেও ছড়িয়ে পড়ে। মরণব্যাধি ক্যানসারের খবর জানালেও ব্র্যাড ছিলেন মানসিকভাবে অত্যন্ত অটল। ভক্তদের কাছে দোয়ার প্রার্থনা করে তিনি বলেছিলেন, “আমি ভয় পাই না, সত্যিই আমি ভয় পাচ্ছি না।”
১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে গঠিত হওয়া ‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডটি ২০০০ সালে তাদের প্রথম অ্যালবাম ‘দ্য বেটার লাইফ’ প্রকাশের পরই বিশ্বজুড়ে হইচই ফেলে দেয়। অ্যালবামটি ছয় মিলিয়নের বেশি কপি বিক্রি হয়ে ইতিহাস গড়ে। দীর্ঘ ক্যারিয়ারে ব্যান্ডটি মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে এবং জিতে নিয়েছে একাধিক গ্র্যামি মনোনয়ন ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড। ব্র্যাড আর্নল্ডের কালজয়ী লেখনী ও কণ্ঠে ‘ক্রিপ্টোনাইট’, ‘হেয়ার উইথাউট ইউ’, ‘হোয়েন আই’ম গন’ এবং ‘লুজার’-এর মতো গানগুলো তাকে রক সংগীতের ইতিহাসে অমর করে রাখবে। এক শক্তিশালী ও দরাজ কণ্ঠের অকাল প্রয়াণে শোকস্তব্ধ সারা বিশ্বের গানপাগল মানুষ।









































