
ফাইল ছবি
বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিশ্চিত বিজয় আঁচ করতে পেরে একটি নির্দিষ্ট দল অপপ্রচার চালাচ্ছে।
সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সন্দেহজনক ভোটারের ক্ষেত্রে হজ, ওমরাহ বা পাসপোর্টের ছবির মতো করে মুখমণ্ডলের অনাবৃত অংশ দেখিয়ে পরিচয় নিশ্চিত করতে হবে এবং নারী ভোটারের পরিচয় যাচাইয়ে নারী প্রিসাইডিং কর্মকর্তা ও নারী এজেন্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে।
জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি অভিযোগ করেন, একটি দল বাসায় বাসায় গিয়ে ভোটারের বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সেবার মাধ্যমে অবৈধ অর্থ পাঠানোর প্রলোভন দেওয়া হচ্ছে।
মাহদী আমিন বলেন, বোরকা ও নিকাব ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হলেও সেগুলোর অপব্যবহার করে কেউ জাল ভোট দেওয়ার চেষ্টা করলে তা দুঃখজনক হবে।
প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন সংস্থা ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিভ্রান্তি ছড়ানো অনাকাঙ্ক্ষিত।
নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি অভিযোগ করেন, বিএনপির প্রতিদ্বন্দ্বী একটি রাজনৈতিক দল নারীর অধিকার ও স্বাধীনতা সংকুচিত করতে চাচ্ছে এবং নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি।
এদিকে কয়েকটি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার সঙ্গে বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে ধরে তিনি জানান, এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ ছাড়া ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এতে ভোটের উৎসবমুখর পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।









































