রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন
শেয়ার

‘প্রশাসনিক রদবদলে বিএনপির সুপারিশে কাজ করছে ইসি’


Asif-mahmud

ফাইল ছবি

শাসনিক রদবদলের ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত বিএনপির সুপারিশের ভিত্তিতে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোটের প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এসব অভিযোগ করেন।

আসিফ মাহমুদ বলেন, প্রশাসনিক রদবদল স্বাভাবিক ও নিরপেক্ষ প্রক্রিয়ায় হওয়ার কথা থাকলেও একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। তার দাবি, কোনো নির্দিষ্ট দলের প্রার্থী প্রস্তাব করলেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক বা পরদিন প্রত্যাহার করা হচ্ছে।

তিনি জানান, বৈঠকে প্রশাসনিক রদবদল এবং ভোটকেন্দ্রে বিএনসিসির দায়িত্ব সংক্রান্ত সিদ্ধান্তে নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। এনসিপির অভিযোগ, বিএনপির দাবির পর ইসির অবস্থানে প্রভাবের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে।

তিনি আরও বলেন, ইসি জানিয়েছে বিষয়টি পুনর্বিবেচনা করা হচ্ছে এবং এবারের নির্বাচন ভিন্ন প্রেক্ষাপটে হওয়ায় অতিরিক্ত বাহিনী থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

এনসিপির মুখপাত্র অভিযোগ করেন, বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হলেও নির্বাচন কমিশন থেকে কোনো জবাব পাওয়া যাচ্ছে না।

মাঠপর্যায়ে পুলিশ ও জনপ্রশাসনের কিছু কর্মকর্তা নির্বাচনী কাজে অস্বাভাবিক আচরণ করছেন এবং ভোটার ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে বা প্রভাব খাটিয়ে নির্দিষ্ট দলে ভোট দেওয়ার চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অপসারণ ও বদলির দাবিও ইতোমধ্যে ইসিকে জানানো হয়েছে বলে জানান আসিফ মাহমুদ।