রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১১ ফেব্রুয়ারি ২০২৬, ৪:২০ অপরাহ্ন
শেয়ার

বিমানবন্দরে টাকাসহ নেতা আটকের ঘটনাকে ‘নাটক’ বলছে জামায়াত


jubaer jamat

জাতীয় নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দর থেকে অর্ধকোটি টাকার বেশি নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানকে আটকের ঘটনাকে ‘পরিকল্পিত নাটক’ বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, দলের এক নেতা নিয়মিত যাতায়াতের অংশ হিসেবে ঢাকা থেকে সৈয়দপুরে গিয়েছিলেন। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বপরিকল্পিতভাবে একটি ঘটনা সাজিয়েছে বলে তাদের ধারণা। তার ভাষ্য অনুযায়ী, ব্যাংক বন্ধ থাকায় সংশ্লিষ্ট নেতার কাছে নগদ অর্থ ছিল, যা ব্যক্তিগত বা ব্যবসায়িক প্রয়োজনে বহন করা অস্বাভাবিক কিছু নয়।

জুবায়ের আরও দাবি করেন, কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকা বিমানবন্দরের মতো স্থানে এমন ঘটনা ঘটানো এবং তা নিয়ে সংবাদ প্রকাশের মাধ্যমে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি জানান, আটক হওয়া নেতা বয়সজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন এবং মানসিক চাপে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা অভিযোগ করেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলটিকে বিতর্কিত করার চেষ্টা করছে। তারা এটিকে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অংশ’ বলেও আখ্যা দেন।

এর আগে সকাল প্রায় ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে অধ্যাপক বেলাল উদ্দীন প্রধানকে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫০ লাখ টাকার বেশি নগদ অর্থ জব্দ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।