
নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ সকালে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার সকাল ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশান-২ নম্বরের ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেন। ঢাকা-১৭ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত এই কেন্দ্রটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ (ভিআইপি) আসন হিসেবে বিবেচনা করা হয়। এর আগে, সকাল সাড়ে ৯টায় একই কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধান উপদেষ্টা তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেন, ‘আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিতভাবে গণভোট দেবেন।’

তিনি প্রার্থীদের ভোটের পাশাপাশি গণভোটের গুরুত্ব তুলে ধরে আরও বলেন, “প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেওয়ার জন্য যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি।”
আজকের দিনটিকে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে ড. ইউনূস বলেন, ‘আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’
সারা দেশে আজ একযোগে সংসদীয় নির্বাচন ও সংবিধান সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি লক্ষ্য করা গেছে।






































