ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের নির্বাচন বয়কট করার কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্টন কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। নির্বাচনী মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ১১-দলীয় জোট পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত মাঠের পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আশা প্রকাশ করেন যে, দীর্ঘ বছর পর দেশের মানুষ আবারও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। এই নির্বাচনের মাধ্যমেই বাংলাদেশের গণতন্ত্রের প্রকৃত উত্তরণ ঘটবে বলে তিনি বিশ্বাস করেন।
সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসুন এবং নিজের ভোটাধিকার প্রয়োগ করুন।” দেশের রাজনৈতিক পটপরিবর্তনে এবার ব্যালটের মাধ্যমে একটি ‘নীরব ভোট বিপ্লব’ হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।











































