ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনের বিএনপি প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, দীর্ঘ সময় পর দেশের মানুষ ভীতিহীন ও উৎসবমুখর পরিবেশে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে শৈলকূপার বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এবারের নির্বাচনে প্রার্থীরা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই প্রচারণা চালাতে পেরেছেন এবং ভোটাররাও নিঃসংকোচ চিত্তে কেন্দ্রে আসছেন। বিগত নির্বাচনের সমালোচনা করে তিনি মন্তব্য করেন, এবারের ভোট আগের মতো রাতে হয়ে যায়নি এবং কোনো মৃত মানুষ কবর থেকে উঠে এসে ভোট দিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেনি।
ভোটদান শেষে আসাদুজ্জামান আবেগপ্রবণ কণ্ঠে তাঁর বিগত আন্দোলনের সহযোদ্ধাদের স্মরণ করেন। তিনি বলেন, আজকের এই গণতান্ত্রিক অধিকার আদায়ের দিনে আমি সবার আগে আমার সাড়ে ৪ হাজার সহযোদ্ধাকে স্মরণ করছি, যারা এই ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে ক্রসফায়ারের শিকার হয়েছেন। এছাড়াও তিনি গুমের শিকার ৭০০-এর বেশি সহযোদ্ধা এবং জুলাই বিপ্লবে যারা আহত ও শহীদ হয়েছেন, তাঁদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
বর্তমান গণতান্ত্রিক পরিবেশকে সেইসব আত্মত্যাগেরই ফসল হিসেবে অভিহিত করে তিনি একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে জনমতের সঠিক প্রতিফলনের আশা ব্যক্ত করেন।









































