রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:০৬ অপরাহ্ন
শেয়ার

বেলা ১২টা পর্যন্ত ৩২.৮৮ শতাংশ ভোট সংগ্রহ


EC

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১টায় নির্বাচন কমিশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ জানান, দেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত মোট ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে সচিব বলেন, এখন পর্যন্ত দেশের কোনো প্রান্তেই ভোট গ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি এবং সারা দেশে সবগুলো কেন্দ্রেই ভোট গ্রহণ চলমান রয়েছে।

মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ে সচিব আখতার আহমেদ জানান, কিছু কিছু এলাকায় বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশঙ্কাজনক কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন স্থানে সহিংসতার খবর পাওয়া গেলেও এখন পর্যন্ত কোথাও কোনো হতাহতের খবর মেলেনি। ভোটাররা নিরাপদে ও স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই বলে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেন।

নির্বাচন কমিশন থেকে আরও জানানো হয়, পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠ পর্যায়ের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কমিশন সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। যেখানেই উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে, সেখানেই অতিরিক্ত নিরাপত্তা বাহিনী পাঠিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে। স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও সচিব তাঁর বক্তব্যে পুনর্ব্যক্ত করেন।