রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২:৩১ অপরাহ্ন
শেয়ার

ধানের শীষের জয় সুনিশ্চিত: মাহদী আমিন


mahdiদীর্ঘ প্রতীক্ষার পর দেশের মানুষ অবাধ ও সুষ্ঠু পরিবেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে এবং এই গণজোয়ারে বিএনপির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। মাহদী আমিন বলেন, ভোটাররা যেভাবে কেন্দ্রে এসে স্বতঃস্ফূর্তভাবে অধিকার প্রতিষ্ঠা করছেন, তাতে ধানের শীষের জয় সুনিশ্চিত। সাধারণ মানুষের এই অংশগ্রহণকে তিনি দীর্ঘদিনের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে অভিহিত করেন।

তবে সংবাদ সম্মেলনে মাহদী আমিন অভিযোগ করেন যে, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো গতকাল বুধবার রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে পরিকল্পিত সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা করেছে। তিনি একে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য চরম হুমকিস্বরূপ বলে বর্ণনা করেন। 

বিশেষ করে নোয়াখালীর হাতিয়া এবং কুমিল্লার চৌদ্দগ্রামসহ বেশ কিছু এলাকায় নির্বাচনী অসংগতি ও কারচুপির খবর পাওয়া গেছে উল্লেখ করে তিনি জানান, হাতিয়া সংসদীয় আসনে বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো গুরুতর ঘটনা ঘটেছে।

সহিংসতার চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, প্রতিপক্ষ দলগুলো জনসমর্থন হারিয়ে এখন পেশিশক্তি ও ত্রাস সৃষ্টির পথ বেছে নিয়েছে। এসব অস্থিতিশীল পরিস্থিতির বিষয়ে বিএনপি ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তাৎক্ষণিক প্রতিকার দাবি করেছে। 

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে মাহদী আমিন বলেন, দ্রুত সহিংসতা দমন করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। সরকারের সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষার পথে এই বাধাগুলো বড় চ্যালেঞ্জ হওয়া সত্ত্বেও তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার এবং মাঠ না ছাড়ার নির্দেশ দেন। পরিশেষে তিনি পুনর্ব্যক্ত করেন যে, জনগণের রায়ের ওপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে এবং কোনো অপশক্তিই এই বিজয়ের ধারা রুখতে পারবে না।