রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
শেয়ার

ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে ফলাফল অবশ্যই মেনে নেবো: তারেক রহমান


tarique vote reaction

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হলে তার দল ফলাফল অবশ্যই মেনে নেবে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে ঢাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘নির্বাচন যদি সুষ্ঠু, নিরপেক্ষ ও বিতর্কহীন হয়, তাহলে কেন মেনে নেবো না? আমরা সব দলই মেনে নেবো। তবে একটি শর্ত আছে- নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। জনগণ ভোট দিলে আজ থেকেই দেশে গণতান্ত্রিক সূচনা হতে পারে।’

তিনি সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা সকলে মিলে চেষ্টা করি, যাতে শান্তিপূর্ণ ও সুন্দরভাবে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারে। আমরা সকলে মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করতে পারি।’

জয়ের ব্যাপারে বিএনপি কতটা আশাবাদী- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কনফিডেন্ট। আলহামদুলিল্লাহ, আশাবাদী বিজয়ের ব্যাপারে।’

কত আসন পাওয়ার প্রত্যাশা- জানতে চাইলে তারেক রহমান বলেন, ‘আমরা এতটুকু প্রত্যাশা করছি- যত আসন পেলে সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবো।’

বিএনপি জয়ী হলে জাতীয় সরকার গঠনের সম্ভাবনা আছে কিনা- এ প্রশ্নে তিনি বলেন, ‘যাদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি, কমবেশি সবাইকে নিয়ে দেশ পরিচালনা করতে চাই।’

সারাদেশে ভোটের পরিবেশ কেমন? প্রশ্নে তিনি বলেন, ‘আমি এতক্ষণ বিভিন্ন কেন্দ্র ঘুরেছি। এখনো সারাদেশের খবর পাইনি। এই মাত্র অফিসে এলাম। পাঁচ ঘণ্টা কেন্দ্র পরিদর্শনে ছিলাম, তাই খবর নিতে পারিনি। তবে ঢাকা শহরে যে পরিবেশ দেখেছি, তাতে মনে হয়েছে মানুষ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে।’

তিনি বলেন, ‘মোবাইলে বিভিন্ন গণমাধ্যমের খবর দেখছিলাম। দেখলাম, এখনও বিভিন্ন জায়গায় অপ্রত্যাশিত ঘটনা ঘটছে। কোন একটি রাজনৈতিক দল কিছু অপ্রত্যাশিত ঘটনা বারবার ঘটিয়ে যাচ্ছে।’

তারেক রহমান বলেন, ‘দেশের মালিক জনগণ। তারা যদি বেরিয়ে আসে এবং অধিকার প্রয়োগ করে, ভোটের সংখ্যা যতবেশি বাড়বে, সব দলের ষড়যন্ত্র তত প্রতিহত করা যাবে।’

ভোটের ফল গণনায় দেরির আশঙ্কা আছে দেখছেন কিনা জানতে চাইলে বলেন, ‘ফল গণনায় দেরির কোনো কারণ দেখি না। সমগ্র দেশের মানুষ যেখানে ভোট দিয়েছে, সেখানে তারা তো ফল দ্রুতই চাইবে। নির্বাচন কমিশন চেষ্টা করবে যত দ্রুত সম্ভব ফল মানুষের কাছে পৌঁছে দিতে।”

তিনি বলেন, ‘১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালেও আমরা নিরপেক্ষ নির্বাচন দেখেছি। ফল ঘোষণায় একটি স্বাভাবিক সময় তো লাগেই। আমরা প্রত্যাশা করবো এবারও যত দ্রুত সম্ভব মানুষ ফল জানতে পারবে।’

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘আমরা অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখছি। মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের বিষয় মেনে নেওয়া যাবে না। কেউ মেনে নেবে না।’