আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ পবিত্র রমজান মাস শুরুর আগেই নির্বাচিত নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-৮ আসনের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ড. আসিফ নজরুল বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আসা সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে।
ভোটের গুরুত্ব তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশের বহু প্রজন্মকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল। জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে তরুণ সমাজ এই অধিকার পুনরুদ্ধার করেছে। তিনি এই নির্বাচনকে কেবল সাধারণ কোনো ভোট নয় বলে মন্তব্য করেন। তাঁর মতে, জুলাইয়ে যারা জীবন দিয়েছেন এবং আত্মত্যাগ করেছেন, তাঁদের স্মৃতি ও আকাঙ্ক্ষা ধরে রাখার মতোই পবিত্র এক আমানত এই ভোট।
সারাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ড. আসিফ নজরুল বলেন, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন দু-একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশের দীর্ঘদিনের নির্বাচনী সংস্কৃতিতে এমন কিছু ঘটনা ঘটে থাকে, তবে সামগ্রিকভাবে নির্বাচন ছিল সুশৃঙ্খল। গণতান্ত্রিক এই প্রক্রিয়ার মাধ্যমে দেশ এক নতুন ধারায় প্রবেশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।











































