
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী শাহজাহান চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক গণনা সম্পন্ন হলে প্রাথমিক ফলাফলে তার জয়ের তথ্য জানা যায়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন ‘ধানের শীষ’ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২৫ ভোট।
চট্টগ্রাম-১৫ আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৯১ হাজার ৭৮৭ জন। এর মধ্যে লোহাগাড়া উপজেলার নয়টি ইউনিয়নে ভোটার রয়েছেন দুই লাখ ৪২ হাজার ১৭১ জন। সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ আসনে জামায়াতে ইসলামীর শাহজাহান চৌধুরী (দাঁড়িপাল্লা), বিএনপির নাজমুল মোস্তফা আমিন (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শরীফুল আলম চৌধুরী (হাতপাখা) নির্বাচনে অংশ নেন। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন হলে চূড়ান্ত ফলাফলে শাহজাহান চৌধুরীর বিজয় নিশ্চিত হয়।









































