রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৬ পূর্বাহ্ন
শেয়ার

ঢাকা–৮ আসন

৫ হাজার ভোটে নাসীরুদ্দীন পাটওয়ারীকে হারালেন মির্জা আব্বাস


Abbas-Patawary

ঢাকা–৮ সংসদীয় আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ৫ হাজার ২৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।

শুক্রবার ভোর রাত পৌনে ৪টার দিকে ফল ঘোষণা করেন ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

রিটার্নিং কর্মকর্তা জানান, এই আসনের ১০৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১০৮টিতে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

ফলাফলে দেখা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর প্রার্থী মির্জা আব্বাস সরাসরি ভোটে পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট এবং পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৮১৪টি। এতে তাঁর মোট প্রাপ্ত ভোট দাঁড়ায় ৫৯ হাজার ৩৬৬টি।

অন্যদিকে, ন্যাশনাল সিটিজেন পার্টি-এর প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সরাসরি ভোটে পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট এবং পোস্টাল ভোট পেয়েছেন ২ হাজার ৫৫৫টি। তাঁর মোট ভোট দাঁড়ায় ৫৪ হাজার ১২৭টি।

এ ছাড়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী কেফায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন মোট ১ হাজার ৪৩৬ ভোট। আর গণঅধিকার পরিষদ-এর প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০৮ ভোট।

ঢাকা–৮ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭৪ জন। এর মধ্যে ভোট পড়েছে ১ লাখ ২০ হাজার ৪৮৪টি। বাতিল হয়েছে ২ হাজার ৮১৭টি এবং বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ১৭ হাজার ৬৬৭টি।

এ আসনে মোট পোস্টাল ভোটার ছিলেন ৮ হাজার ৯৯২ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬ হাজার ১২টি এবং বাতিল হয়েছে ৩২০টি।