রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক রাজনীতি ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন
শেয়ার

ফল ঘোষণা বিলম্ব নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের


Jamat-Amir

জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি আসনের ফলাফল ঘোষণা বিলম্বিত হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন শফিকুর রহমান। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, এখন পর্যন্ত বেশ কয়েকটি আসনে তাঁদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন এবং অনেক জায়গায় গণনাও শেষ হয়েছে। তবে স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা না করে বিষয়টি ঝুলিয়ে রাখছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘গণনা কমপ্লিট হওয়ার পরও ঘোষণা দেওয়া হচ্ছে না। আমরা বুঝতে পারছি না, কেন এমন হচ্ছে।’

ওয়েবসাইটে ফলাফল প্রকাশের বিষয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তাঁর অভিযোগ, কোন দল কতটি আসন পেয়েছে—সে তথ্য একবার প্রকাশ করা হলেও পরে তা উধাও হয়ে যায় এবং আবার দেখা যায় না। এ সময় বিভিন্ন কেন্দ্রে তাঁদের কর্মীদের দীর্ঘ সময় বসিয়ে রাখার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘এই একটু আগে ১০-১২টি কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।’

ফলাফল বিলম্ব প্রসঙ্গে জামায়াত আমির বলেন, কিছু আসনে ‘ইঁদুর-বিড়াল খেলা’ চলছে। বিশেষ করে ঢাকা-৮ আসনের ফলাফল এখনও ঝুলে থাকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তার ভাষায়, ‘ঢাকা-৮ আসন এখনো ঝুলে থাকবে কেন? সেখানে কী হচ্ছে, সেটা আপনারা সাংবাদিকরাও জানেন। এসব বিষয় সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না।’

এ সময় তিনি বাংলাদেশ নির্বাচন কমিশন-এর প্রতি দ্রুত পূর্ণাঙ্গ ফল প্রকাশের আহ্বান জানান। শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশন ১৩ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ফল প্রকাশের আশ্বাস দিয়েছে।

তিনি বলেন, ‘আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। তারা দিলে ভালো, না দিলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব।’

সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে দলের চূড়ান্ত অবস্থান জানানো হবে বলেও জানান জামায়াত আমির। একই সঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী আচরণ ইতিবাচক রাখবে।

তার ভাষায়, ‘আমরা ইতিবাচক ধারার রাজনীতি করতে চাই। রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয়, তাহলে এটা মেনে নিতে হবে। পাস করার গ্যারান্টি নিয়ে কোনো রাজনীতি হয় না।’

সংবাদ সম্মেলনে বেসরকারি ফলাফলে ‘হ্যাঁ’ ভোট জয়ী হওয়া নিয়েও সন্তোষ প্রকাশ করেন জামায়াতে ইসলামীর আমির।