
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পরাজিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত ঘোষিত ফলাফলের ভিত্তিতে এই তথ্য জানা গেছে।
বরিশাল-৫ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ধানের শীষ প্রতীকের প্রার্থী মজিবর রহমান সরোয়ার। মোট ১৭৬টি কেন্দ্রের গণনা শেষে তিনি পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৪৩১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের মুফতি ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ৫২৮ ভোট।
বরিশাল-৬ আসনেও ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান বিজয়ী হয়েছেন। এই আসনের ১১৩টি কেন্দ্রে গণনা শেষে তিনি পেয়েছেন ৮১ হাজার ৮৭ ভোট। দ্বিতীয় হয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের মোহাম্মদ মাহমুদুন্নবি, যিনি পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। হাতপাখা প্রতীকের ফয়জুল করীম এই আসনে পেয়েছেন মাত্র ২৮ হাজার ৮২৩ ভোট, যা ভোটারদের প্রত্যাশার তুলনায় অনেক কম।
ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, দুই আসনেই ফয়জুল করীম ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন। স্থানীয় ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পরাজয়ের এই ব্যবধান ফয়জুল করীমের প্রত্যাশার চেয়ে অনেক বেশি।









































