
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর অঞ্চলে জামায়াত জোটের প্রার্থীরা সব আসনেই জয়লাভ করেছেন। দীর্ঘদিন জাতীয় পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই এলাকায় এবার একচ্ছত্র আধিপত্য স্থাপন করেছে ১১ দলীয় জোট, যা রংপুরের রাজনৈতিক মানচিত্রে নতুন শক্তির উত্থানের বার্তা দিয়েছে।
জোটের প্রার্থীরা প্রধানত বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং অধিকাংশ ক্ষেত্রে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেছেন। একসময় শক্তিশালী এই অঞ্চলে জাতীয় পার্টি এবার তৃতীয় অবস্থানে নেমে গেছে, যা উত্তরাঞ্চলের রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটির আংশিক) আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. রায়হান সিরাজী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৪০৭ ভোট। প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে তিনি জয় নিশ্চিত করেছেন।
রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৪ হাজার ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ৭৯ হাজার ৮৬২ ভোট। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী তৃতীয় স্থানে ছিলেন। ১৩৭টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং ২ লাখ ৫৩ হাজার ৮৭৮টি বৈধ ভোট গণনা করা হয়।
রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলাল ১ লাখ ৭৫ হাজার ৫৭৮ ভোটে জয়ী হয়েছেন। বিএনপির প্রার্থী পেয়েছেন ৮৪ হাজার ৫৭৮ ভোট। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তৃতীয় স্থানে ছিলেন।
রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে জামায়াত জোটসমর্থিত জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির প্রার্থীকে ৮ হাজার ৩৩১ ভোটে পরাজিত করেছেন।
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জামায়াতের অধ্যাপক গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ১০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ২১৪ ভোট।
রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জামায়াতের অধ্যাপক নুরুল আমিন ১ হাজার ৯৭১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ১৮ হাজার ৮৯০ ভোট পান, আর বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯১৯ ভোট।
রংপুরের ছয়টি সংসদীয় আসনে মোট ভোটার ছিলেন ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। ৮৭৩টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।











































