
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটে মোট ভোটের হার হয়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ইসি সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। তিনি জানান, তথ্যের বিভ্রাট এড়াতে ফল প্রকাশে কিছুটা বিলম্ব হয়েছে।
ইসি সচিবের দেওয়া তথ্যমতে, সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত চতুর্থ গণভোটে অংশ নিয়েছেন ৭ কোটি ৬ লাখ ৪০ হাজার ৫৬ জন ভোটার। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন, যা মোট ভোটের ৬৮ দশমিক ০৬ শতাংশ। আর সংস্কার বাস্তবায়নের বিপক্ষে ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন, যা ৩১ দশমিক ৯৪ শতাংশ।
এদিকে সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে ইসি। চট্টগ্রামের দুটি আসনের ফল ঋণসংক্রান্ত মামলায় হাইকোর্টে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এছাড়া এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে নির্বাচন স্থগিত ছিল। তবে চট্টগ্রামের ওই দুটি আসনের গণভোটের ফল সামগ্রিক হিসাবের সঙ্গে যুক্ত করা হয়েছে।
প্রকাশিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এনসিপি ছয়টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসনে বিজয়ী হয়েছে। এ ছাড়া ইসলামী আন্দোলন, গণ-অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। আর সাতটি আসনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।











































