
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ভারতের প্রধান বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেস। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় দলের সভাপতি ও রাজ্যসভার বিরোধী দলীয় নেতা মল্লিকার্জুন খাড়গের পক্ষ থেকে এই অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশের নির্বাচনে জয়ের জন্য তারেক রহমান ও বিএনপিকে আন্তরিক শুভেচ্ছা। ভারত ও বাংলাদেশের মধ্যে ইতিহাস, ভাষা ও সংস্কৃতির যে গভীর সম্পর্ক রয়েছে, তা দুই দেশের জনগণকে দীর্ঘদিন ধরে একসূত্রে বেঁধে রেখেছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে ভারতের জনগণ সমর্থন করবে বলেও উল্লেখ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে দেখা যায়, ২৯৯টি আসনের মধ্যে বিএনপি ২১২টিতে জয় পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া জামায়াতে ইসলামী ৬৮টি আসনে বিজয়ী হয়েছে।






































