
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট শুক্রবার বা শনিবারের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার আবদুর রহমানেল মাছউদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
আবদুর রহমানেল মাছউদ বলেন, ‘আজ বা কালকের মধ্যেই গেজেট প্রকাশ হতে পারে।’ একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ঢাকা–৮ আসনে ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই।
ঢাকা–৮ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীকে পরাজিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নির্বাচনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট এবং নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট।
ফল ঘোষণা হওয়ার পর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে উভয় প্রার্থীই রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন বলে জানা গেছে।
এদিকে, নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ঢাকা–৮ আসনের ভোট পুনর্গণনার দাবি জানান।
এই আসনের বিতর্কের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে বাতিল ভোটের সংখ্যা। ঢাকা–৮ আসনে মোট ২ হাজার ৪৯৭টি ভোট বাতিল হয়েছে। অভিযোগ রয়েছে, ব্যালট পেপারের একেবারে বাম পাশে ধানের শীষ প্রতীকের ঘর থাকায় পাশের ফাঁকা স্থানে অনেক ভোটার সিল দেন। এ কারণে ওই ভোটগুলো বাতিল হিসেবে গণনা করা হয়েছে।






































