
ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গা ইউনিয়নে বোমা তৈরির সময় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ইউনিয়নের ফাটাপাড়া এলাকার কালাম আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের মতে, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে বাড়ির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আরও তিনজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বোমা তৈরির সময় এ বিস্ফোরণ ঘটে। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বিস্ফোরণে দুজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।






































