
উদ্ধার হওয়া তিন বাংলাদেশি।
মালয়েশিয়ায় মানবপাচারের শিকার তিন বাংলাদেশিকে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। উদ্ধার হওয়া শ্রমিকরা পাঁচ মাস ধরে শোষিত জীবনযাপন করেছেন এবং বেতন পাননি। খাবারের অভাবে তারা খালের মাছ, জঙ্গলের ফল ও লতা-পাতা খেয়ে বেঁচে ছিলেন।
হুলু তেরেঙ্গানু জেলার একটি নির্মাণাধীন এলাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ অভিযানে ঐ তিন শ্রমিক উদ্ধার হন। তাদের বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে। স্থানীয় পুলিশ সুপারিনটেনডেন্ট শারুদিন আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে চারটার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ তদন্তে জানা গেছে, দালালদের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো এই শ্রমিকরা স্থানীয় কোম্পানির কাছে শোষিত হয়েছেন। পাঁচ মাস কাজ করার পরও বেতন পাননি এবং খাদ্যের অভাবে জীবনধারণের জন্য খাল থেকে মাছ ধরে, জঙ্গল থেকে ফল সংগ্রহ করে বেঁচে ছিলেন।
অভিযুক্ত নিয়োগকর্তা তাদের পাসপোর্ট নিজের কাছে রাখতেন এবং থাকার জন্যও কোনো উপযুক্ত ব্যবস্থা করেননি। ৪৬ বছর বয়সী এই স্থানীয় নিয়োগকর্তাকে শ্রমিক শোষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি জোরপূর্বক শ্রমিকদের কাজ করাতে বাধ্য করতেন।
উদ্ধার হওয়া শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং তাদের জন্য অন্তর্বর্তীকালীন সুরক্ষা আদেশের আবেদন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা অ্যান্টি-ট্রাফিকিং ইন পারসনস অ্যান্ড অ্যান্টি-স্মাগলিং অব মাইগ্রেনস অ্যাক্ট ২০০৭-এর ধারা ৪৪ এবং ১২ অনুযায়ী তদন্তাধীন।










































