
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় নাহিদ ইসলামকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শনিবার দেওয়া এক বার্তায় তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অর্জনকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা বলেন, অল্প সময়ের মধ্যে গঠিত একটি নবীন রাজনৈতিক দল হিসেবে ৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা, ছয়টিতে জয় এবং কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই গড়ে তোলা বড় সাফল্য। তিনি এ অর্জনকে তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, স্বপ্ন ও গণতান্ত্রিক চেতনার প্রতিফলন হিসেবে অভিহিত করেন।
তিনি আরও স্মরণ করেন সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের দিনগুলো এবং বলেন, সে সময় নাহিদ ইসলামের নেতৃত্ব, সাহস ও দৃঢ়তা আন্দোলনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আত্মত্যাগের প্রতিও তিনি গভীর শ্রদ্ধা জানান।
বার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, উপদেষ্টা পরিষদে সহকর্মী হিসেবে নাহিদ ইসলামের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর জন্য মূল্যবান ছিল। নীতিগত দৃঢ়তা, বিষয়ভিত্তিক জ্ঞান ও প্রশাসনিক প্রক্রিয়া বোঝার আগ্রহ তাঁকে মুগ্ধ করেছে বলেও জানান তিনি।
তিনি বলেন, গণতন্ত্রের বিকাশে নতুন নেতৃত্ব ও নতুন ধারণার অংশগ্রহণ অপরিহার্য। সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে জনগণের প্রত্যাশা, বিশেষত তরুণদের আশা-আকাঙ্ক্ষা তুলে ধরার সুযোগ এসেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে গঠনমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চার মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।






































