রবিবার । মার্চ ২২, ২০২৬
বাংলা টেলিগ্রাফ ডেস্ক জাতীয় ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৮ অপরাহ্ন
শেয়ার

নবনির্বাচিত সরকার দায়িত্ব নিলেই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে: সেনাপ্রধান


General-Wakar-Uzzaman

সেনা বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

নবনির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করলেই বাংলাদেশ সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তবে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির পূর্ণ নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে এসব কথা বলেন সেনাপ্রধান। ওই অনুষ্ঠানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সেনাসদস্যরাও অংশ নেন।

ভাষণে নির্বাচনকালীন দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের ‘চমৎকার দায়িত্বশীলতা’ ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশ ও জনগণ সেনাবাহিনীর এই অবদান স্মরণ রাখবে।

এ সময় তিনি কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের পুরস্কৃত করেন।’