
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর চালিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আকস্মিকভাবে দলটির কয়েকজন নেতাকর্মী উপস্থিত হন। তারা সেখানে জাতীয় পতাকার পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন করেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ও কার্যালয়টি জনশূন্য থাকার পর হঠাৎ এই কর্মকাণ্ডে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পতাকা উত্তোলনের একটি ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা ও রাজনৈতিক বিতর্ক।
ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই সন্ধ্যার দিকে মাঠে নামে উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। দলটির নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে উত্তেজিত অবস্থায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা আওয়ামী লীগের এই পদক্ষেপকে “উসকানিমূলক” হিসেবে অভিহিত করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা কার্যালয়ের সামনে রাখা একটি টেবিল ভাঙচুর করেন। এ সময় ওই এলাকায় থমথমে পরিস্থিতির সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পর থেকে পীরগঞ্জ পৌর শহরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থমথমে অবস্থা বিরাজ করছে। ছাত্রদল নেতাদের দাবি, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে এ ধরনের কার্যক্রম কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্যদিকে, আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা বিশ্লেষণ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।











































