
বলিউড তারকা সালমান খান অভিনীত যুদ্ধভিত্তিক সিনেমা ‘ব্যাটেল অব গালওয়ান’–এর দ্বিতীয় গান ‘ম্যায় হু’ মুক্তি পেয়েছে ভালোবাসা দিবসে। রোমান্টিক ঘরানার এই গানে সালমান খানের সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রাঙ্গদা সিং।
গানটিতে একজন সেনা কর্মকর্তার পারিবারিক জীবন, দায়িত্বের টান ও প্রিয়জনকে দূরে রেখে থাকার বেদনা তুলে ধরা হয়েছে। সুর ও সংগীত পরিচালনা করেছেন আয়ান লাল। কণ্ঠ দিয়েছেন শ্রেয়া ঘোষাল ও আয়ান লাল। গানের কথা লিখেছেন আয়ান লাল ও সাব্বির আহমেদ।
এর আগে ছবির আরেকটি দেশপ্রেমমূলক গান দর্শকমহলে সাড়া ফেলেছিল, যেখানে কণ্ঠ দেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল এবং সুর করেছিলেন হিমেশ রেশমিয়া।
সিনেমাটি ২০২০ সালের গালওয়ান উপত্যকা সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত। এতে সালমান খান অভিনয় করছেন শহীদ সেনা কর্মকর্তা বি সন্তোষ বাবুর চরিত্রে। ছবিটি প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সালমান খান ও চিত্রাঙ্গদা সিং ছাড়াও ছবিতে অভিনয় করেছেন জেইন শ, অংকুর ভাটিয়া, অভিলাষ চৌধুরী, বিপুল ভরদ্বাজ, হীরা সোহাল, জেসন থাম, হর্ষিল শাহ, তানিয়া দেশাই ও অভিশ্রী সেনসহ আরও অনেকে।
সূত্র: আইউটলুক ইন্ডিয়া








































